১০ দেশের ১৮৬২ অ্যাথলেট অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা’। এর মধ্যে বিদেশি প্রতিযোগী ছিলেন ২৫ জন। প্রতিযোগিতায় সাড়ে ৭ কিলোমিটার পুরুষ হাফ-ম্যারাথনে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় হয়েছেন আলামিন এবং তৃতীয় হয়েছেন গোলাম রাহাত তোফায়েল। সাড়ে ৭ কিলোমিটার নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আফসানা হালিমা, দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন সাদিয়া আক্তার রিনা।
প্রতিবছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম্যারাথনের আয়োজন করা হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সুতরাং ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতিবছর বিমানের আয়োজনে আরও বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।'
বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাংলাদেশসহ ১০টি দেশের ১৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। ২১ কিলোমিটার- নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন নাসরিন বেগম, দ্বিতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন মৌসুমি আক্তার। ২১ কিলোমিটার পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আসিফ বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন লিউক জেনারেল শো। তিনি চীনের বেইজিং সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। তৃতীয় হয়েছেন সামির হাসান খান।