মহাখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর মহাখালীতে কাজী আমিনুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরোহী মো. সুমন মিয়া (৩৫)।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক সাইফুল আলম বলেন, রাতে মহাখালী বিসিপিএস কলেজের সামনের সড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আমিনুল হক।

খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আরোহী সুমন মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় ভোর রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মৃত আমিনুল ঢাকার স্থায়ী বাসিন্দা কাজী আলিমুল হকের ছেলে।