বিসিক শিল্পাঞ্চলের আশানুরূপ উন্নয়ন না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ

বিসিক শিল্পাঞ্চলের আশানুরূপ উন্নয়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটি উন্নয়ন কাজে আরও যত্নবান হওয়ার সুপারিশ করেছে। এছাড়া চলমান প্রকল্পের কাজ শুরুর আগে গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে। কমিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় শেষ না করে বার বার সময় বাড়ানোর জন্যও ক্ষোভ প্রকাশ করেছে।

সোমবার (২১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম এবং আহসান আদেলুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— বিসিক শিল্প অঞ্চলের উন্নয়ন আশানুরূপ না হওয়ায়  আরও যত্নবান হওয়ার সুপারিশ করা হয়। চলমান প্রকল্পের কাজ শুরুর আগে গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় নেওয়া প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় বৃদ্ধির প্রবণতা হ্রাস করার  সুপারিশ করা হয়।