‘টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয়ক্ষমতার বাইরে’

টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। তিনি বলেন, টিসিবির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের যে কার্যক্রম তা যথেষ্ট নয়। বরং চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা।

বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, 'টিসিবির ট্রাকের অপেক্ষায় গভীর রাত থেকে সাধারণ মানুষ লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তাছাড়া টিসিবির পণ্যের দামও জনগণের ক্রয় ক্ষমতার বাইরে।'

মানববন্ধন থেকে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান অন্যান্য বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।