ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা তৈরির সুপারিশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরির সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি। সোমবার (৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশগত বিশেষ অডিট রিপোর্ট (২০১৭-১৮ অর্থবছর) নিয়ে আলোচনা হয়। বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে আধুনিক যন্ত্রপাতি কেনাকাটা ও এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নির্মাণের মাধ্যমে জনগণ যেন সুফল পায়, সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত মনিটরিং, রিপোর্টিং এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের পারফরমেন্স মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে  কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন ও মুস্তফা লুৎফুল্লাহ অংশ নেন।