জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর বিচার শুরু

রাজধানীর আশুলিয়া থানা এলাকায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো।

রবিবার (২৮ আগস্ট) মামলার অপর ২৫ আসামিকে  অব্যাহতি দিয়েছেন বিচারক। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিনাত সুলতানার আদালত এ আদেশ দেন। আগামী ২৭ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

আসামিরা হলেন— আব্দুল বারেক মৃধা, রশিদ সরকার ওরফে মোতালেব মওলানা, খালেক মেম্বার, হাফেজ মো. ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ, হাবিবুর রহমান-২, আবুল হোসেন মুন্সী, আব্দুল লতিফ তরফদার, আবদুল মোমিন ও আব্দুল রহমান।

এদিন আসামিরা আদালতে হাজির হন। তাদের পক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে ২৫ জনকে অব্যাহতির আদেশ দেন।

জানা যায়, ২০১৭ সালের ১১ অক্টোবর মাগরিবের নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরদিন ১২ অক্টোবর হরতালের সমর্থনে আশুলিয়া আব্বাসিয়া মসজিদের পাশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান নয়ন মামলাটি দায়ের করেন। ২০১৮ সালের ২৩ নভেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলাম।