সাগরে আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
একইসঙ্গে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোণা, শ্রীমঙ্গল ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।