রাজধানীর ইডেন মহিলা কলেজে মো. করিম হোসেন (১৮) নামে এক ক্যান্টিন বয় কীটনাশক পান করে বমি করতে করতে হলের ভিতরে গেটের কাছে এসে পড়ে যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাতে তার মৃত্যু হয়।
মৃতের সহকর্মী ও স্বজনরা রবিবার (১৬ অক্টোবর) সকালে থানায় এসে এসব তথ্য জানিয়েছেন। সহকর্মীদের বরাত দিয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মরদেহটি ঢামেক মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাকি ব্যবস্থা নেওয়া হবে।’
এস আই মো. ফখরুল আলম জানান, করিম হোসেন ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের রাসেল এন্টারপ্রাইজের ক্যান্টিন বয়। হলের ভেতরেই একটি কক্ষে থাকতো ক্যান্টিনের কর্মচারীরা।
কী কারণে কীটনাশক পান করেছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মৃতের ভগ্নিপতি মো. সোহেল জানিয়েছেন, করিম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বলেন, আমি মোবাইলে খবর পেয়ে এসেছি। শুনেছি সে কীটনাশক পান করে মারা গেছে।