চাঁদাবাজির অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো মোহাম্মদ গোলাপ মিয়া (৩৮), কবির মীর (৩৩), আবু বক্কর (৩২) এবং মাকছুদা আক্তার (৩০)।

র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাধারণ মানুষকে টার্গেট করে তাদের সঙ্গে পরিচিত হয়ে পরে সখ্য করে তোলে। সেই সূত্র ধরে কোনও একটি বাসায় আমন্ত্রণ জানায় চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীকে ঘরে বসিয়ে একজন নারীকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে, এই ভয়ভীতি দেখিয়ে চাহিদা অনুযায়ী চাঁদা দাবি করতো। না দিলে মারধর করতো। সম্মান বাঁচাতে তারা চাহিদা অনুযায়ী টাকা দিতে বাধ্য হতো।

তিনি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা তাদের এ ধরনের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁ এলাকায় এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চালিয়ে আসছিল চক্রের সদস্যরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’