দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র মুজিব কিল্লাকে আয়বর্ধক কাজে ব্যবহার করতে চায় সংসদীয় কমিটি। এই আশ্রয়কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণের খরচ মিটিয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন পরিস্থিতি বাদে— বছরের অন্য সময়ে স্থানীয় জনগোষ্ঠীকে বিয়েসাদি বা বিভিন্ন অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়াভিত্তিক ব্যবহারের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছে কমিটি।
রবিবার (১৮ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রাকৃতিক দুর্যোগকালীন পরিস্থিতি ছাড়াও মুজিব কিল্লাগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থে বছরের অন্যান্য সময়ে এলাকার জনগণের কল্যাণমূলক কাজে ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
দুর্যোগ মোকাবিলায় এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মন্ত্রণালয়ের বাজেট সুষ্ঠুভাবে ব্যবহারের বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়। শীতে কম্বল কেনার ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া, মালবাহী ট্রাক ও বুলডোজার দিয়ে রাস্তাঘাটের ক্ষতিসাধন ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।