রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে রাসেল মাহমুদ রুস্তম (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ দুঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন। থাকতেন মালিবাগ রেলগেট বাগানবাড়ি এলাকায়।’

তিনি বলেন, রবিবার রাতে কর্মস্থলে যাওয়ার সময়ে রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে প্রাণ হারান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন মরদেহ নিয়ে যান। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল পোনাবালিয়া গ্রামে।