সৌদি আরবে মানবপাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

সৌদি আরবে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানবপাচার অপরাধ দমন ইউনিট। বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে সিআইডি’র মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর ভাটারা থানায় গত বছরের ৫ নভেম্বর মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন রনি প্রামানিক। ওই মামলার তদন্ত করে সিআইডি। মামলার এজাহারনামীয় আসামি আসাদুল হককে (২৫) গ্রেফতার করা হয়েছে।

এসএসপি নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী রনির মামাতো ভাই মালয়েশিয়া প্রবাসী টুটুল। তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল আসামি আসাদুলের। আসাদুল ‘ভালো ভিসায়’ বিদেশে লোক পাঠায় শুনে রনির ভাই তার সঙ্গে ফোনে কথা বলেন। দেখারও করেন। পরে রনিকে ভালো ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দেন আসাদুল। এছাড়া ভালো বেতন পাওয়ার বিষয়েও নিশ্চয়তা দেন। এক পর্যায়ে রনিকে কুড়িল চৌরাস্তার প্রগতি সরণির কাজী টাওয়ারে নিয়ে যান। সেখানে কো-ফাউন্ডেশন অ্যাট ওমরাভিসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন বলে জানান। ভুক্তভোগীকে সৌদি আরবে পাঠাতে ৭ লাখ টাকা দাবি করেন আসাদুল।

তিনি বলেন, পরবর্তী সময়ে সৌদি আরবে যাওয়ার জন্য বিকাশ ও নগদে ৭ লাখ টাকা পরিশোধ করেন রনি। কিন্তু আসাদুল ভিসা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন বলেও আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার আসাদুল।

এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সিআইডির মানবপাচার প্রতিরোধ শাখা কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।