১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলের নড়াগাতি এলাকার রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে ১৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন।

জিজ্ঞাসাবাদে শামীম র‍্যাবকে জানায়, ২০০৫ সালে বন্ধু রাজুর সঙ্গে জমিজমা নিয়ে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শামীমকে আঘাত করে রাজু। পরে রাজুকে মারার পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে। পরে পাঁচ সহযোগীর সঙ্গে রাজুকে কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় নড়াগাতি থানায় একটি হত্যা মামলা হয়। মামলার আসামি শামীমসহ ছয় জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন মাস পর শামীম জামিনে মুক্তি পায়। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে শামীম পলাতক ছিল।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।