মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার গল্প নিয়ে বাংলাদেশের হৃদয় হতে আসছে ব্র্যাক আয়োজিত তিন দিনব্যাপী উৎসব ‘হোপ ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষা, আর্থিক ক্ষমতায়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য— এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। বিশেষত তরুণ সমাজকে সামগ্রিকভাবে দেশের ও নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসতে উৎসাহ জোগাতে চায় ব্র্যাক।
ব্র্যাক জানায়, সদ্য স্বাধীন বাংলাদেশে মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করার জন্য জন্ম হয়েছিল ব্র্যাকের। ২০২২ সালের ২১ মার্চ ৫০ বছর পূর্ণ করেছে ব্র্যাক। ব্র্যাকের ৫০ বছরপূর্তি উদযাপনের ধারাবাহিকতায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত উৎসব আয়োজন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা, আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব।
https://brachopefestival.net/ এই ওয়েবসাইটের লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা কোনও প্রবেশমূল্য ছাড়াই উৎসবে অংশ নিতে পারবেন।
এই উৎসবের মূল অনুপ্রেরণা ও আয়োজন তরুণ সমাজকে ঘিরেই। কোটি মানুষের জীবনের মোড় পরিবর্তনের উদাহরণ সবাইকে নিজ নিজ বাধা পেরিয়ে, স্বপ্ন জয়ের অনুপ্রেরণা দেবে, এই আশা ব্র্যাকের।
‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’— এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
ব্র্যাক রেজিস্ট্রেশনের সময় থেকেই প্রত্যেক দর্শনার্থীকে একটি সামাজিক সমস্যা বেছে নিতে অনুরোধ জানিয়েছে, যার সমাধানে তিনি যুক্ত হতে চান। এই সমস্যা সমাধানে নিজের উদ্ভাবনী ধারণাও তিনি জমা দিতে পারেন রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে।
ব্র্যাক জানায়, উৎসবে দর্শকদের জন্য থাকছে— আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন, পুঁথিপাঠ, গল্পপাঠের আসর, বায়োস্কোপ, পুতুল নাচ, শিশুদের খেলার জগত, সারা দিনব্যাপী নানা প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে গহনা বানানো, কারিগর ও কার্টুনিস্টদের সঙ্গে আনন্দদায়ক কর্মশালায় যোগ দেবার সুযোগ।
ইতিবাচক সামাজিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘আমরা নতুন নেটওয়ার্ক ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে সম্মাননা জানানো হবে তরুণদের। এই সম্মাননা তৃণমূল থেকে তুলে আনবে সামাজিক উদ্যোক্তাদের।
এছাড়াও থাকছে কর্মক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সম্মাননা। তিন দিনের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন— ফজলুর রহমান বাবু, নগরবাউল জেমস, অর্ণব, ওয়ারফেইজ, লালন, নেমেসিস এবং আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ড। উৎসবে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, থাকছে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো। অনুষ্ঠানে প্রতিবন্ধী মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ‘সাইন ল্যাঙ্গুয়েজ' শেখার সুযোগ থাকছে।
উৎসব আয়োজনে ব্র্যাকের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আরও যোগ দিচ্ছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও ব্র্যাক ইউনিভার্সিটি।