অবৈধভাবে সিমকার্ড বিক্রি চক্রের প্রধান গ্রেফতার

রাজধানীতে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রি চক্রের প্রধান এসএম নয়নকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক অবৈধভাবে রেজিস্ট্রার করা সিম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এসএম নয়ন দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রি করে আসছে। সে যেসব সিম বিক্রি করে থাকে সেগুলো আগে থেকেই অন্য কোনও ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এসব সিম কিনে দেশের বিভিন্ন দুষ্কৃতকারী চক্র অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

গ্রেফতার নয়নের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।