ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিতো চক্রটি

ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, ফ্রি থাকা-খাওয়াসহ লোভনীয় অফার দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো মানব পাচারকারী একটি চক্র। ওই চক্রের মূলহোতা একেএম মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

র‍্যাব-৩ অধিনায়ক বলেন, ‘চক্রটির জনশক্তি রফতানির কোনও বৈধ লাইসেন্স নেই। তারা ক্রোয়েশিয়ায় পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের টুরিস্ট ভিসায় ভারতে পাঠাতো। সেখানে একটি রুমে আটকে রেখে ভুক্তভোগীদের পরিবারের কাছে টাকা দাবি করতো। চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর ভারতের কোনও একটি স্থানে রেখে ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।’

এ চক্রের মাধ্যমে প্রতারিত ব্যক্তিরা নাম প্রকাশে অনিচ্ছুক। ফলে তাদরে নাম প্রকাশ করেনি র‍্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, চক্রটির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।