ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে অবসরে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি সচিবালয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
অবসর, ইস্তফা ইত্যাদির বিষয়ে (সরকার কর্তৃক অবসর প্রদান) ৪৫ ধারায় বলা হয়েছে— কোনও সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হবার পর যেকোনও সময় সরকার জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে, কোনোরূপ কারণ না দেখিয়ে তাকে চাকরি হতে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।
জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণের (ইটিআই) অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ওঠে মোস্তফা ফারুকের বিরুদ্ধে। সেই সময় তৎকালীন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে অনেক টাকা নিজেরা নিয়েছেন বলে অভিযোগ করা হয়। পরে তাকে ইটিআই থেকে বদলি করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালের জুনে মোস্তফা ফারুক ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন।