সারা দেশে সড়ক দুর্ঘটনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যের গড়মিল ঠেকাতে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জনসাধারণের সহায়তা কামনা করেছে।
বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে বলেছে, কোনও স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিআরটিএ অফিস অথবা বিআরটিএ সদর কার্যালয়ে (০১৫৫০০৫১৫৮২) এই নম্বরে যোগাযোগ করে তথ্য জানাতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়মিতভাবে গত জানুয়ারি ২০২৩ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য জনসম্মুখে প্রকাশ করে যাচ্ছে। প্রকাশিত সড়ক দুর্ঘটনার এই তথ্য সারা দেশে বিআরটিএ'র ৬৪টি সার্কেল অফিসের মাধ্যমে সংগ্রহ করা হয়। একই সঙ্গে পুলিশ বিভাগ ও পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্টগুলো যাচাই-বাছাই করা হয়। প্রত্যন্ত অঞ্চলে সংঘটিত কিছু সড়ক দুর্ঘটনার তথ্য পত্র পত্রিকা বা অন্য কোনও সংস্থার রিপোর্টেও আসে না। ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার দুর্ঘটনার পরিসংখ্যানে গরমিল পরিলক্ষিত, যা বিভ্রান্তিকর। বিআরটিএ চায় সংঘটিত সকল সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহপূর্বক একটি স্বয়ংসম্পূর্ণ, সঠিক ও বস্তুনিষ্ঠ সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তৈরি করতে, যে কাজে সর্বসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন। দুর্ঘটনা ঘটা মাত্রই যদি নিকটস্থ বিআরটিএ অফিসে বিষয়টি তাৎক্ষণিকভাবে যে কেউ অবহিত করে তাহলে বিআরটিএ'র পক্ষে সঠিক ও বস্তুনিষ্ঠ পরিসংখ্যান তৈরি করতে সহজ হবে।
এমতাবস্থায়, কোনও স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিআরটিএ অফিস অথবা বিআরটিএ সদর কার্যালয়ে (০১৫৫০০৫১৫৮২) দুর্ঘটনার বিষয়টি অবহিত করতে জনসাধারণের প্রতি অনুরোধ জ্ঞাপন করা হলো। এ বিষয়ে সরকারি-বেসরকারি অন্যান্য সংস্থার সহযোগিতা পেলে বিআরটিএ'র পক্ষে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা সহজ হবে, যা সড়ক দুর্ঘটনা হ্রাসে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সহায়ক হবে।