কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মো. বাবু নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনে বিকাল ৪টা ৫৮ মিনিটে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেল লাইনে দুর্ঘটনা ঘটে। বিকাল সাড়ে পাঁচটায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

নিহত বাবু ভোলা জেলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। বর্তমানে গুলশান কালাচাঁদপুরে থাকতেন।