ভূঞাপুর যুবলীগের সাধারণ সম্পাদকসহ চার জনকে কুপিয়ে জখম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ তার তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।

বাকি আহতরা হলেন যুবলীগ কর্মী রতন তালুকদার, কানন ও বিজয়। এর মধ্যে গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে পৌরসভার বীরহাটি এলাকায় ভূঞাপুর লিংকরোডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কর্মী সমর্থক নিয়ে উপস্থিত হন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় সেলিমসহ চার জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ আকন্দ বলেন, সড়ক উদ্বোধনের অনুষ্ঠানে সেলিমসহ আমরা গিয়েছিলাম। অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছেন। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা জানা যায়নি। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’