স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড পেলে ইউএস-বাংলা

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩-এ ইউএস-বাংলা এয়ারলাইন্স সাউথ এশিয়ার এয়ারলাইনগুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন স্টার রেটিং ১৯৯৯ সালে শুরু হয়। এটি মানসম্পন্ন অর্জনের মর্যাদাপূর্ণ, দীর্ঘতম প্রতিষ্ঠিত এবং অনন্য চিহ্ন এবং এয়ারলাইন এক্সিলেন্সের একটি বৈশ্বিক বেঞ্চমার্ক।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের বিমান পরিবহন শিল্পে একের পর এক অনন্য নজির স্থাপন করে চলেছে। অর্জন করেছে বিভিন্ন সাফল্যের মাইলফলক। স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডের মতো নিরপেক্ষ স্বীকৃতি প্রমাণ করে ইউএস-বাংলা যাত্রীসেবার মানে সব সময় আন্তরিক এবং আরও গুণগত মান বৃদ্ধিতে সচেষ্ট।

কামরুল ইসলাম আরও বলেন, গ্লোবাল এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ অর্জন বাংলাদেশ এভিয়েশনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। এ অর্জনে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী, সংবাদমাধ্যম, ইউএস-বাংলা পরিবারের সব সদস্য ও সর্বোপরি ইউএস-বাংলার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

১৯৯৯ সাল থেকে বিশ্বব্যাপী এয়ারলাইনের সেবা ও মানের ওপর অ্যাওয়ার্ড দেয় স্কাইট্র্যাক্স। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের জন্য কোনও এয়ারলাইনকে আবেদন করতে হয় না, কোনও ফি দিতে হয় না, বিজয়ী এয়ারলাইন্সকে পুরস্কার ইভেন্টে যোগদানের জন্য কোনও অর্থও দিতে হয় না।

আর এসব কারণে বিভিন্ন ক্যাটাগরিতে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বলা হয় ‘এভিয়েশন শিল্পের অস্কার’।