ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাং’য়ের লিডার হৃদয় ওরফে বুলেট হৃদয়সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (২৪ জুন) রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (২৫ জুন) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বুলেট হৃদয়কে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ী এলাকা থেকে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইজ গিয়ার চাকু জব্দ করা হয়।
অপর একটি আভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মো. রানা (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
ফরিদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত হৃদয় ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাং’য়ের লিডার। তার নেতৃত্বে বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই হচ্ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।