একসময় মোটরসাইকেল চুরি করতো মোতালেব ওরফে রনি (৩০। এরপর সেই পেশা ছেড়ে শুরু করে বাসের হেলপারি। আর এই পেশার আড়ালে কেরানীগঞ্জ থেকে বাসে করে রাজধানীতে ইয়াবা এনে বিক্রি করতো।
বুধবার (৫ জুলাই) রাতে রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেফতারের পর এমন তথ্য পায় পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইয়াবাসহ মোতালেব ওরফে রনিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা রনি পেশায় বাসের হেলপার। এই পেশার আড়ালে সে ইয়াবা বিক্রি করে। আগে মোটরসাইকেল চুরি করতো। এরপর পেশা বদলে ইয়াবা ব্যবসা ধরে।
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, রনি দিশারী পরিবহনে চাকরি করে। এই হেলপারি পেশার সুযোগ নিয়েই ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। দিশারী পরিবহন কেরানীগঞ্জ থেকে মিরপুর আসে। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসে এবং বিভিন্ন স্থানে সরবরাহ করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলাও রয়েছে।