ইউল্যাবের অধ্যাপক ও ফ্যাক্টওয়াচ সম্পাদক ড. সুমন রহমান বলেছেন, সবকিছু মিলিয়ে আমরা একটি প্রস্তর যুগে চলে যাচ্ছি। ব্লগে একসময় সত্য-মিথ্যার লড়াই হতো, এভিডেন্স বেজড লড়াই হতো। এখন আর সেটা নেই। আর আমাদের ফ্যাক্টওয়াচ সাইট যে মানুষ পড়বে সেরকম নয়, সেই মানুষও কম। নির্বাচনি গুজব মোকাবিলায় কতটুকু প্রস্তুত বাংলাদেশ– এই প্রশ্নে আমার উত্তর হচ্ছে একেবারেই তৈরি না এবং তৈরি হওয়ার কোনও সম্ভাবনা নাই।
সোমবার (১৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘নির্বাচনি গুজব মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ব্লগার এবং অ্যাকটিভিস্ট আরিফ জেবতিক এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।
সুমন রহমান আরও বলেন, কয়েকবছর আগে কুমিল্লায় একটি ঘটনা ঘটেছে। আগেই যদি ঘটনা ঘটে যায়, আমাদের ফ্যাক্টচেক পর্যন্ত আসার আগেই দাঙ্গার মতো ঘটনা ঘটে যায়, আমাদের ফেসবুক পেইজগুলো অনেক সুরক্ষিত, সেখানে সবকিছু আমরা পাই না, আসে না। সব কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়ার বাইরে যে জগতটা সেটি বিশাল বড় এবং সেই জগত সম্পর্কে আমাদের আসলে কোনও ধারণা নেই।
প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।