৮ দফা দাবিতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার বিচার ও দেশের সব পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানান তারা।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে নগরের সুচিতা আনার পবিত্র দায়িত্ব আমরাই পালন করছি অথচ সব সুযোগ-সুবিধা হতে আমরাই বঞ্চিত। বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি, এতে পরিচ্ছন্নতাকর্মীদের নুন আনতে পানতা ফুরায়। এখনও বিভিন্ন পৌরসভার বেতন ১৫০০ টাকা। এই বেতনে একটি পরিবার চলতে পারে না।

পরিচ্ছন্নতাকর্মীদের জীবন-জীবিকা এতই কষ্টের মাধ্যমে চলছে, যা সরেজমিনে না দেখলে বোঝা মুশকিল। তাদের পিঠ দেয়ালে ঠেকেছে, তারা আর পারছে না। না পেরে তারা বেঁচে থাকার অধিকার চেয়ে রংপুর সিটি করপোরেশনের কাছে বেতন বৃদ্ধির দাবি করলে তাদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

আট দফা দাবি
১. বর্তমানে বাজারের সঙ্গে মিল রেখে দেশের প্রতিটি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বেতন (পরিবার চলার মতো) বাড়াতে হবে।

২. রংপুর সিটি করপোরেশনে হামলার শিকার আহত পরিচ্ছন্নতাকর্মীদের সিটি করপোরেশন কর্তৃক চিকিৎসার খরচ দিতে হবে।

৩. রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে।

৪. রংপুর সিটি করপোরেশনের আন্দোলনে চাকুরিচুত্য পরিচ্ছন্নতাকর্মীদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে।

৫. প্রতিটি পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন করে দিতে হবে।

৬. পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. উৎসব বোনাস দিতে হবে৷ মাতৃত্বকালীন মহিলা পরিচ্ছন্নতাকর্মীর ছয় মাসের ছুটিসহ বেতন দিতে হবে।

৮. সব পৌরসভা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীদের স্থায়ী করতে হবে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পোষ্য কোটা দিতে হবে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লালের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব নির্মল চন্দ্র দাস, যুব ও ক্রিয়া সম্পাদক কৃষ্ণচরন কুঞ্জমাল, সাধারণ সম্পাদক বিমল হরিজন, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ বাসফোর, বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় হেলা প্রমুখ।