একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনছার আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ধোলাইরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে র্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় ২০১২ সালে দায়ের হওয়া ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনছার আলীকে গ্রেফতার করা হয়।
আনসার আলী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মুন্সিবাজার এলাকার ধর্মপুর গ্রামের খোয়াজ মিয়ার ছেলে। ডাকাতির মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৮০ হাজার টাকা জব্দ করা হয়।