‘ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স প্রোগ্রাম ২০২৩’ শীর্ষক দশ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন হতে যাচ্ছে রবিবার। জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে চলবে এই কর্মশালা। আয়োজকরা জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ কর্মশালাটি উদ্বোধন করবেন।
গবেষণা সংস্থা নগর উপাখ্যান-পারসিভ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স (ডব্লিউএইচভি) ক্যাম্পেইন-২০২৩ আওতায় ওই কর্মশালাটির আয়োজন করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং বেসরকারি কিছু স্পন্সরদের সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হবে।
বিশ্ব ঐতিহ্য নিয়ে সচেতনতা তৈরি করতে ইউনেস্কো প্রতিবছর বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স প্রোগ্রাম আয়োজন করে। ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার্স (ডব্লিউএইচভি) ক্যাম্পেইন-২০২৩ এর মূল প্রতিপাদ্য - “টেরাকোটা ইন্টারপ্রিটেশন অফ দ্যা বুদ্ধিস্ট বিহার অ্যাট পাহাড়পুর, বাংলাদেশ”। এ বছর সারা বিশ্বের ৩৩টি দেশের ৫৮টি সংস্থা একযোগে এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে।
বাংলাদেশ থেকে সংগঠন পারসিভ দ্বিতীয়বারের মতো এই কর্মশালা আয়োজনের জন্য নির্বাচিত হয়। দেশ-বিদেশের স্থাপত্য, প্রত্নতত্ত্ব ও বিশ্ব ঐতিহ্য নিয়ে কাজ করেন এমন শিক্ষক, গবেষক, লেখক এবং ৫টি দেশের মোট ১৮ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করবেন। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সাথে আছে বাংলা ট্রিবিউন।