চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি নারীপক্ষের

চারণকবি রাধাপদ রায়ের ওপরে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নারীপক্ষ। বুধবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি কথা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, ৬/৭ মাস আগেকার একটি সালিশে বাকবিতণ্ডার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের অশীতিপর চারণকবি রাধাপদ রায়কে তার নিজ বাড়িতে নৃশংসভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছে পাশের গ্রামের দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলী। তারা এ ঘটনায় কোনও মামলা না করার হুমকি দিয়ে হামলার স্থান ত্যাগ করে। তা সত্ত্বেও রাধাপদ রায়ের পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা করা হয়। কিন্তু অভিযুক্ত দুই যুবককে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

নারীপক্ষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায় এবং দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচারের পদক্ষেপ নেওয়ার কথাও বলে।  একইসঙ্গে এই ধরনের ঘটনা যেন দেশে আর একটিও না ঘটতে পারে, সে বিষয়ে সরকার ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দাবি করছে নারীপক্ষ।

আরও পড়ুন:

কবি রাধাপদের ওপর হামলা সাম্প্রদায়িক নাকি পূর্বশত্রুতা?