পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় স্থানীয় আদালতের পেশকারের ওয়ারেন্ট বাণিজ্য নিয়ে অনুসন্ধান করতে চান দুদক কর্মকর্তারা। রবিবার (৮ অক্টোবর) দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দুদকের চেয়ারম্যানের কাছে এ আবেদন জানায়।
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান ও সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলামের সই করা আবেদনে বলা হয়, চট্টগ্রামে থানায় মারা যাওয়া দুদকের সাবেক উপ-পরিচালককে ফাঁসাতে ‘সমন গায়েব আদালতের পেশকারের ওয়ারেন্ট বাণিজ্য’ শিরোনামে গত ৭ অক্টোবর স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অনুসন্ধান প্রয়োজন। ইতোমধ্যে মামলার বাদীর কথোপকথনের অডিও প্রকাশ পেয়েছে।
এছাড়া মৃতের পরিবারের বক্তব্য, ভিডিও ফুটেজ, সিআর মামলার অর্ডার শিট, সমন ও ওয়ারেন্টের কপি, পত্রিকার সংবাদ ইত্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, গৃহবধূকে বাদী সাজিয়ে স্থানীয় চাঁদাবাজ, আইনজীবী, কোর্ট কর্মকর্তা, বিপথগামী কতিপয় পুলিশ সদস্য সিন্ডকেট করে মরহুম ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার বিরুদ্ধে মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন একটি পিটিশন দায়ের করে। এই সিন্ডিকেটের মাধ্যমে আরও বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
সরকারি কর্মচারীদের দ্বারা ঘুষ দুর্নীতির ভিত্তিতে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যা দুর্নীতি দমন কমিশনের তফশিলভুক্ত অপরাধ। এমতাবস্থায় ‘আদালতের পেশকারের ওয়ারেন্ট বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অনুসন্ধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় বিভিন্ন জাতীয় পত্রিকায় তার মৃত্যু অস্বাভাবিক মর্মে উল্লেখ করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে পরিবার দাবি করে।