চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৩

রাজধানীর মিরপুরে চাকরির নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুর মধ্য পীরের বাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেসমিন রেজা (৪০), মো. মির্জা সাগর (২১) ও জোবায়ের হোসেন (২৫)।

পুলিশ জানায়, চক্রটি চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করতো।

ওসি বলেন, ‘গ্রেফতার তিন জন নিজেদের বিই এলার্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিতো। পরে চাকরিও দিতো না, টাকাও ফেরত দিতো না।’

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ, বিই এলার্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে পেজ থেকে মার্কেটিং ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হতো। বিজ্ঞাপনে দেওয়া পদগুলোর জন্য ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হতো। সেই বিজ্ঞাপন দেখে মিরপুরের অফিসে আসেন বেকার যুবকরা। এসব যুবকের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে প্রথমেই ৫০০ টাকা করে নেওয়া হতো। এরপর জামানত হিসেবে নেওয়া হতো ২০ হাজার টাকা করে। ১০ হাজার টাকা বেতনের চাকরির জন্যও তাদের ২০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হতো। কিন্তু টাকা দেওয়ার পর আর চাকরি মিলতো না। শুরু হতো টালবাহানা।’

ছয় ভুক্তভোগী কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জামানত নিয়ে চাকরি দেওয়া হয়নি। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।