দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আরেক বাসে আগুন

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, ঘোষিত নির্বাচনি তফসিল বাতিলসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১১তম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এই অবরোধের ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে আজ সকাল ১০টার দিকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) একই পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ বেলা ১২টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা দেয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ এ দুটি বাস ছাড়াও সোমবার দিবাগত রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন:

গুলিস্তানে বাসে আগুন