মেট্রোরেলের ব্যানার-ফেস্টুন ভাঙচুর, ছাত্রলীগের ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে টিএসসিতে মেট্রোরেলের স্টেশনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টাঙানো ব্যানার-ফেস্টুন ভেঙেছেন বাম সংগঠনের নেতা-কর্মীরা। ঘটনা আঁচ করতে পেরে তাদের ধাওয়া দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সময় বাম সংগঠনের প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন একাংশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মশাল মিছিল করতে কিছু লোকজন রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মেট্রোরেলের বানানো অবয়ব, প্রধানমন্ত্রীর ছবি-সংবলিত পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে।

এ সময় আশপাশে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা দেখতে পেয়ে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেন। ঘটনার সময় উপস্থিত থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি বাম সংগঠনের নেতাকর্মীরা করেছে।

মাস্টার দা সূর্য সেন হলের ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের অনুসারী যুবরাজ হোসেন বলেন, আন্দোলনের মূলে ছিল বামরা। সেখান থেকে ২০ জনের মতো কর্মী আসে এদিকে। তারাই এ কাজ করেছে। তবে এখানে ছাত্রদলের লোকজনও থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, কেউ যদি রাজু ভাস্কর্যকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, তাহলে এটা এখান থেকে তুলে নিয়ে যাক। এখানে যে কেউ তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে। যারা প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে, শিক্ষার্থীরা তাদের জবাব দেবে।

অভিযোগ বিষয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম বলেন, রাজু ভাস্কর্য গত সাত-আট দিন ঢেকে রাখা হয়েছে। আমরা যখন ওদের (ছাত্রলীগের) সঙ্গে কথা বলেছি, তখন তারা বলেছে কয়েক দিন পর সরিয়ে দেবে। কিন্তু সরানো হয়নি দেখে আমাদের লোকজন সরানোর বন্দোবস্ত করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, আমরা জানতাম আমাদের বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমাল্লার বোসসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আমাদের লোকজনকে এখনও যেখানে পাচ্ছে মারছে।