দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনিটরিং সেল গঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২১ সদস্যদের এই মনিটরিং সেলের নেতৃত্ব দেবেন আইডিএ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

রবিবার (৩১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করা হয়।

মনিটরিং সেল ভোটের আগের দিন ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটের পরদিন ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা দায়িত্ব পালন করবে।

মনিটরিং টিম বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন দেবে।

এছাড়া সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানানো, ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন, বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান করবে এই সেল। এছাড়া সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে  নির্বাচন কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিত করা, রিটার্নিং অফিসারের  কার্যালয় থেকে স্ব স্ব নির্বাচনি এলাকাগুলোর আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনা নির্বাচন কমিশন সচিবালয় পরিচালিত ‘আইনশৃঙ্খলা মনিটরিং অ্যাপসে তাৎক্ষণিকভাবে অ্যান্ট্রি করে নির্বাচন কমিশনে গঠিত কেন্দ্রিয় মনিটরিং সেলে প্রেরণ করতে হবে চিঠিতে উল্লেখ করা হয়।