রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫৩৯ পিস ইয়াবা, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলে জানানো হয়।