‘প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ’৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়। বাংলা অ্যাকাডেমির প্রতি প্রধানমন্ত্রীর টান অনেক। তিনি ২১ বার বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন করেছেন। অনেকেই সরকারের আসবেন-যাবেন, বঙ্গবন্ধুর পর বাংলা একাডেমির প্রতি এরকম ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারও মধ্যে দেখিনি।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সে জন্য পদক্ষেপ নিতে হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তাহলে জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।

বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা জন্মশতবর্ষ উদযাপন উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসলাম সানি, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী ও শিহাব শাহরিয়ার।

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে মারা যান। ভারতীয় এই বাঙালি কবি একাধারে গল্পকারও ছিলেন। তিনি আধুনিক বাংলা কবিদের অন্যতম। ‘উলঙ্গ রাজা’ তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।