রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০৫ পিস ইয়াবা, ৩.৫ গ্রাম হেরোইন, ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম আইস জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ মে) সকাল ছয়টা থেকে আজ সোমবার (১৩ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দসহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।