অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মেরিটাইম শিক্ষা ও সুনীল অর্থনীতির সম্পর্ক রয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মেরিটাইম শিক্ষা ও সুনীল অর্থনীতির নিবিড় সম্পর্ক রয়েছে। সমুদ্রে বাংলাদেশের অধিকার, আন্তর্জাতিক সমুদ্রসীমা, সমুদ্র আইন, সমুদ্রে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, রাজনৈতিক সমুদ্রসীমা, সমুদ্রের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা লাভের জন্য মেরিটাইম শিক্ষার কোনও বিকল্প নেই।

বুধবার (৫ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশের মেরিটাইম শিক্ষাব্যবস্থা ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেরিন একাডেমি থেকে প্রশিক্ষিত ক্যাডেটরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্রগামী জাহাজ ও জাহাজ-সংশ্লিষ্ট চাকরি করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছেন। নাবিকরা সমুদ্রগামী জাহাজে চাকরির পাশাপাশি জাহাজ নির্মাণ ও মেরামত, বন্দর ব্যবস্থাপনা, বন্দর পরিচালনা ও প্রশিক্ষকসহ বিভিন্ন শোর জবের মাধ্যমেও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি সিফেয়ারারদের চাহিদার প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২১ সালে পাবনা, বরিশাল, সিলেট এবং রংপুর চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়। দেশের প্রতিটি বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। মেরিটাইম খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে নাবিকদের (রেটিং) প্রশিক্ষণের জন্য দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী ও মেহেরপুর জেলায় নতুন চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেরিনারদের উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) প্রতিষ্ঠা করেন ও বিএসসির জন্য ১৯টি জাহাজ সংগ্রহ করেন। দেশের নৌপরিবহন ও মেরিটাইম খাতে বিদেশি নাবিকের স্থলে দক্ষ ও প্রশিক্ষিত আন্তর্জাতিক মানের দেশি নাবিক তৈরির লক্ষ্যে জাতির পিতা মেরিন একাডেমির মানোন্নয়নের জন্য ব্রিটিশ কারিগরি সহায়তায় বাংলাদেশ মেরিন একাডেমি উন্নয়ন পরিকল্পনা, ১৯৭৩ শীর্ষক প্রকল্প গ্রহণ করেন। ১৯৭২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম থেকে মোট ৫ হাজার ৩৬৬ জন ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই একাডেমির ৪৮তম ব্যাচ থেকে নারী ক্যাডেট ভর্তি করা হচ্ছে এবং প্রশিক্ষিত নারী ক্যাডেটরা সুনামের সঙ্গে বিভিন্ন সমুদ্রগামী জাহাজে কর্মরত রয়েছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজে দুজন নারী ক্যাডেট ছিলেন। তারা সে সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন; যা অন্য নারী ক্যাডেটদের কাছে অনুকরণীয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সমুদ্রকে ঘিরে গড়ে উঠেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশও অফশোর ও অনশোরে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে, যা হবে ক্লিন ও গ্রিন এনার্জি। বাংলাদেশের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে প্রণয়ন করা হয়েছে শতবর্ষী উন্নয়ন পরিকল্পনা ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ (ডেল্টা প্ল্যান ২১০০)।

সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে বন্দরগুলো সম্প্রসারণ ও আপগ্রেডেশন করা হয়েছে উল্লেখ করে বলেন, সমুদ্র সম্পদ আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ। প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে উন্নীত করতে হলে সব খাতের পাশাপাশি মেরিটাইম খাতকেও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশে মেরিটাইম শিক্ষার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করে সমুদ্র সম্পদকে যথাযথ আহরণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আশা করেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।