কোরবানির পশুর হাটে ভেটেরিনারি সেবা দেওয়া হবে

প্রবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। বৃহস্পতিবার (১৩ জুন) প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আব্দুর রহমান বলেন, ‘এ বছর ঢাকায় ১৯টি এবং সারা দেশে ১ হাজার ৮২টি স্থায়ী, ২ হাজার ১৬টি অস্থায়ী কোরবানির পশুর হাটে ১ হাজার ৭৫২টি ভেটেরিনারি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবে। ক্রেতাদের সুস্থ্য গবাদি পশু কিনতে এবং হাটে আসা পশুর জন্য স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ দেবে এই টিম। হাটে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদফতরের হটলাইন (১৬৩৫৮) চালু রয়েছে।’

তিনি বলেন, ‘চামড়ার গুণগত মান নিশ্চিতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে ৩১ হাজার ৭৯৯ জন জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিবেশ সমুন্নত রেখে নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পোস্টার, লিফলেট, উঠান বৈঠক, টিভি টক-শো, রেডিও প্রোগ্রাম চলমান। ক্রেতা-বিক্রেতা কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সে দিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। হাটে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘বিগত বছরের ধারাবাহিকতায় এবারও কোনও খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোনও খামারি তার পশু দূরের হাটে নিতে চাইলে রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।’

তিনি বলেন, ‘সব গবাদি পশু সড়কপথ, রেলপথ এবং নৌপথে পরিবহনের সময় পশু ও পশু বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করাসহ কোরবানির পশুবাহী ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’