দুর্নীতির মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদনের তারিখ পেছালো

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৬ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। আজ মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন বিচারক।

২০২১ সালের ১০ অক্টোবর মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

জানা গেছে, এসকে সিনহা ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেওয়া পূর্বাচলের প্লটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচল থেকে উত্তরার সেক্টর-৪ এ স্থানান্তর করেন। পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) থেকে অনুমোদনও করান। আর প্লটের মোট ৭৫ লাখ টাকা নিজেই পরিশোধ করেন। পরে ওই প্লটে নির্মাণ করেন ৯তলা ভবন। দুদকের অনুসন্ধানকালে নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবনের নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা।