কলকাতায় পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেলো এক বাংলাদেশির। বুধবার (২৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ইএম বাইপাসের ধারে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোহাম্মদ দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার মীরপুর মোহাম্মদপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা নাগাদ ইএম বাইপাসের ওপর বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি পুকুরের ধারে ঘোরাঘুরি করছিলেন উপল। এরপর হঠাৎই পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে ঝাঁপ দিতে দেখে প্রগতি ময়দান থানায় খবর দেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তার কাছে থাকা কিছু নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক।
কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন উপল। নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে এসে উঠেছিলেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।