বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সড়কে অবস্থান নিয়েছেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবে পুরো এলাকার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শত শত শিক্ষার্থীকে সেখানে অবস্থান নিতে দেখা গেছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে, কোনও রকম বাধা ছাড়াই হাজার হাজার আন্দোলনকারী বাড্ডা, প্রগতি সরণি, রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ওই এলাকার চারপাশে যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন চলাচল করছে না। চলছে শুধু রিকশা-অটোরিকশা। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ডাক দেন।