খুলনায় গণপিটুনিতে মৃত্যুর খবর গুজব: আইএসপিআর

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে (সা.) নিয়ে কুটুক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে গণপিটুনিতে আহত শ্রী উৎসব জীবিত ও আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বুধবার শ্রী উৎসব (২২) মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে তাকে খুলনা মহানগর দক্ষিণ পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে স্থানীয় জনতা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা ওই ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি দিতে আন্দোলন করতে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ডিসির কার্যালয়ে প্রবেশ করে ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায়। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে জীবিত উদ্ধার করেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, ধর্মীয় মূল্যবোধে আঘাত করার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সুস্থতা সাপেক্ষে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ এবং আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সচেষ্ট। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হতে জনগণকে অনুরোধ জানায় আইএসপিআর।

আরও পড়ুন...

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর