অবিলম্বে সব শহীদ পোশাকশ্রমিক ও ছাত্র-জনতার তালিকা প্রকাশ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি পোশাকশ্রমিকদেরও শহীদ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং আহত-নিহতদের ক্ষতিপূরণ প্রদানে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় তারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) আশুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসম্পাদক এফ এম নুরুল ইসলাম, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, আশুলিয়ার সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, আশুলিয়া শাখার সহসাধারণ সম্পাদক শাহীদা আক্তার, সাবিনা আক্তারসহ আঞ্চলিক নেতারা।
সংহতি বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নেতা আবু তারেক, ছাত্র আন্দোলনের নেতা নাসিম ও ফারিয়া বৃষ্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় গুলিতে প্রাণ হারানো পোশাকশ্রমিক শুভ শীলের মা সাধনা শীল।
সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের এক মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে আশুলিয়া থানার সামনে নৃশংসভাবে গুলি করে মরদেহ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ছাত্র-জনতা হত্যার ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এই ভয়াবহ দৃশ্য আশুলিয়াসহ সারা দেশের জনগণকে তাড়া করে বেড়াচ্ছে। অথচ এখনও সবার পরিচয় পাওয়া যায়নি।