বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নেতারা বলেছেন, ‘একটি নয়, সব ধর্মের অনুভূতিতে আঘাত এলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক’।
রবিবার (৮ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে তারা একথা বলেন।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা শুরু হয়। এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আট দফা দাবি পেশ করা হয়। আমাদের আট দফাকে যৌক্তিক ও হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে তা হয়নি।
তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনার সোনাডাঙায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে ১৫ বছরের কিশোর উৎসব মন্ডলকে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে পিটানো হয়। ঘটনার পার থেকে উৎসব মন্ডলের কোনও খবর আমরা পাচ্ছি না। উৎসব মন্ডল জীবিত নাকি মৃত আমরা জানতে চাই। আমরাও চাই ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তবে তা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হোক।
সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, আপনারা যদি ২ কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা জাতিসংঘের কাছে নিরাপত্তা চাইবো।
আসন্ন দুর্গা পূজায় মন্দিরের নিরাপত্তাসহ সমাবেশে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলো– অনতিবিলম্বে আগের আট দফা দাবি বাস্তবায়ন করতে হবে; উৎসব মন্ডলের খোঁজ দিতে হবে, দায়ীদের দ্রুত বিচার করতে হবে; ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার করতে হবে এবং আসন্ন দুর্গা পূজার পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।