হত্যা মামলায় সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম। তিনি জানান, আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলম। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার বিকালে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এরআগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে।