জুম্ম জনগণের ওপর হামলার প্রতিবাদ সিএইচটি কমিশন ও আইডব্লিউজিআইএর

আদিবাসী জুম্ম জনগণের ওপর সহিংস হামলার প্রতিবাদ জানিয়েছে সিএইচটি কমিশন ও আইডব্লিউজিআইএ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর থেকে পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) আদিবাসী জুম্ম জনগণের ওপর চলমান সহিংস হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

সেখানে আরও বলা হয়, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন আদিবাসী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়। আমরা জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানাই, যারা মানবাধিকার লঙ্ঘন, সহিংসতার মূল কারণ এবং সামরিক বাহিনীর ভূমিকা তদন্ত করবে।

সংগঠন দুটি আরও বলে, সম্প্রতি যারা ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেমনই নিরস্ত্র জুম্ম জনগণের ওপর গুলি চালানো সামরিক বাহিনীর সদস্যদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। আমরা এ-সম্পর্কিত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

একই সঙ্গে ১৯৯৭ সালের সিএইচটি চুক্তির আওতায় থাকা ছয়টি সামরিক ঘাঁটি ছাড়া সব অস্থায়ী সামরিক ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্প তুলে নেওয়ার দাবি জানায় সিএইচটি কমিশন ও আইডব্লিউজিআইএ।