স্ত্রীসহ সাবেক সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ওরফে ছেলুন জোয়ার্দার ও তার স্ত্রী আকতারি জোয়ার্দারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহাম্মদ আলী সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।