অপহরণের দুই দিন পর ব্যবসায়ী উদ্ধার, একজন গ্রেফতার

রাজধানীর বাড্ডায় অপহরণের শিকার ব্যবসায়ী মিন্টু শিকদারকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীকে উদ্ধার হয়। এ সময় মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিমিটেডের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ও তার মামাতো ভাই আমির হামজা সোমবার (১৪ অক্টোবর) সকালে মধ্যে বাড্ডার বৈশাখি সরণি এলাকার বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। সকাল আনুমানিক ৯টায় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাত সাত-আট জন তাদের পথরোধ করে। তারা মিন্টু শিকদারকে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

ডিসি জানান, ইয়াছিন শিকদার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। সে অর্থ আত্মসাতের উদ্দেশে মিন্টু শিকদারকে অপহরণ করে।

ইয়াছিন শিকদারকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।