রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিল, সিসা ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে সাতজনকে।
শুক্রবার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন।
অভিযানে গ্রেফতারররা হলো— সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।
জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে, কানাডা থেকে আমদানি করা টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক যার বাণিজ্যিক নাম কুশ। জব্দ হওয়া কুশের পরিমাণ ৭৭২ গ্রাম। এছাড়া যুক্তরাজ্য থেকে আমদানি করা মাদক ৭০ গ্রাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ, কানাডা থেকে আমদানি করা মাদক ৬ মিলি টেট্রাহাইড্রোক্যানাবিনল, ৩৮ কেজি সিসা ও ৩ হাজার পিস ইয়াবা।
ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।