ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে।
পান্নাসহ ১৮০ জনকে আসামি করে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের।
১৮০ জন আসামির মধ্যে এই মামলায় জেড আই খান পান্নাকে করা হয় ৯৪ নম্বর আসামি। আর এ নিয়ে অনেকটা হাস্যরসের সঙ্গেই বাংলা ট্রিবিউনকে নিজের মতামত তুলে ধরেন বর্ষীয়ান এই আইনজীবী। তিনি বলেন, ‘মামলা দিলে এক নম্বর আসামি করে দেবেন, ১৮০ জন আসামির মধ্যে ৯৪ নম্বরে কেন আমার নাম দিলেন? আমি এটা নিয়ে অসন্তুষ্ট।’
জেড আই খান পান্না বলেন, ‘১৯ জুলাইয়ের ঘটনায় মামলা হয়েছে ১৭ অক্টোবর, এবং ১৮০ জনের মধ্যে আমি ৯৪ নম্বর।’
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে।
মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘আহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমরা মামলা নিয়েছি। তদন্ত করে দেখা হবে এর সত্যতা রয়েছে কিনা।’
প্রসঙ্গত, জেড আই খান পান্না সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ মন্তব্যের বিষয়ে এবং হত্যার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেছেন, এই মামলার উদ্দেশ্য মানুষকে হয়রানি করা। এতে করে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।